কলম্বিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে ৫ জন নিহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১০:১৮ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটার একটি পুলিশ একাডেমিতে গাড়িবোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

বিবিসি জানিয়েছে, শহরের দক্ষিণ অঞ্চলে পুলিশ ক্যাডেটদের স্কুলের বাইরে বৃহস্পতিবার বিস্ফোরণ ঘটে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

তবে শহরের মেয়র পিনালোজা টুইটে বলেছেন, ‘আমি ধারণা করছি এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাজ।’

স্থানীয় গণমাধ্যমে পোড়া গাড়ির ছবি প্রকাশিত হয়েছে। এ ছাড়া আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তারা বিকট শব্দ শুনতে পান। মুহূর্তের ভেতর ঘটে যাওয়া ‘হামলা’য় কয়েকটি বাড়ির জানালা ভেঙে গেছে।

কলম্বিয়ার কয়েকটি গণমাধ্যম বলছে, এই হামলার সঙ্গে ন্যাশনাল লিবারেশন আর্মির বামপন্থী বিদ্রোহীরা জড়িত থাকতে পারে। কনজারভেটিভ প্রেসিডেন্ট ইভান ডুকের সঙ্গে তাদের শান্তি আলোচনা অনেকটা স্থবির হয়ে আছে।

এর আগে ২০১০ সালে বোগোটায় একটি রেডিও স্টেশনের বাইরে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তৎকালীন প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টোস ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ পর ওই হামলার ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত