শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কে ২৭ কিলোমিটার এলাকার সংস্কারকাজ চলছে ধীরগতিতে। সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে সাড়ে সাত কিলোমিটার এলাকায় নি¤œমানের কাজ করার অভিযোগ উঠেছে। কাজের মান নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। গত মঙ্গলবার ভেদরগঞ্জের নারায়ণপুর এলাকায় গ্রামবাসী একজোট হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, সদর উপজেলার মনোহর বাজার থেকে ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কের নাজুক অবস্থা দীর্ঘদিন থেকে। সড়কে বড় গর্ত থাকায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত যানবাহন চলাচলও বন্ধ ছিল। দুটি গুচ্ছ প্রকল্পের মাধ্যমে মনোহর বাজার থেকে নারায়ণপুর পর্যন্ত ১৫ কিলোমিটার সংস্কারে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। গত ১৮ মার্চ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।
ওই সময় নারায়ণপুর থেকে নরসিংহপুর পর্যন্ত ১২ কিলোমিটারের জন্য একজন ঠিকাদার নিযুক্ত করা হয়, কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি আর কাজ করতে আগ্রহী নয়। তখন পুনরায় দরপত্র দিয়ে আরেকটি প্রতিষ্ঠানকে ২৬ আগস্ট কার্যাদেশ প্রদান করা হয়। ওই ১২ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ১৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে র্যাব আরসি, সরদার এন্টারপ্রাইজ জেভি সাজনপুর থেকে নারায়ণপুর পর্যন্ত যে অংশটির কাজ চলছে, এর ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ৫০ শতাংশের কাজ চলছে। যে ৫০ শতাংশ এলাকার কাজ শেষ হয়েছে তা নিম্নমানের করার অভিযোগ উঠেছে। আর যে ৫০ শতাংশ কাজ করা হচ্ছে তাও নিম্নমানের বলে অভিযোগ রয়েছে।
গত মঙ্গলবার সকাল থেকে সড়কের নারায়ণপুর অংশে এলাকার ক্ষুব্ধ মানুষ রাস্তার কাজ বন্ধ করে দেয়। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদার বিষয়টি মুঠোফোনে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীকে জানান। তখন সেখানে আসেন সওজের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম।
