দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে নাটোরের এক হাজার ২৩৪টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় জাতীয় সংগীত প্রতিযোগিতা শুরু হয়েছে। ২২ জানুয়ারি আন্তঃশ্রেণি প্রতিযোগিতা শেষে পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের পরে তিনটি স্তরের বিজয়ী দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
জানা যায়, জেলার ৭৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৯৬টি স্কুল কলেজ ও মাদ্রাসায় আন্তঃশ্রেণি প্রতিযোগিতা চলছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তর, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি টিমে ১০ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সুষ্ঠুভাবে প্রতিযোগিতা আয়োজনে জেলার সাতটি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি করে কমিটি কাজ করছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক।
নাটোরের জেলা প্রতিযোগিতা আয়োজন কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রেজ্জাকুল ইসলাম বলেন, প্রতিটি পর্যায়ের শ্রেষ্ঠ দলকে পুরস্কৃত করা হবে। আগামী ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি নাটোর জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা সফল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে
