ডিএসসিসির অভিযান

শেষ পাঁচ দিনে ২৯ জনের জেল ১১ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০২:০০ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাদ্যে ভেজালবিরোধী পাঁচ দিনের অভিযানে ২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি হোটেল সিলগালা, পাঁচটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১১ লাখ ৪৯ হাজার টাকা।

গতকাল বৃহস্পতিবার অভিযানের শেষদিনে দুজনকে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে ২৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়। ডিএসসিসির পাঁচটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান চলে। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গত ১৩ জানুয়ারি ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন।

গতকাল এলিফ্যান্ট রোড ও গাউছিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ান স্টপ ফাস্টফুডের আবু বকর সিদ্দিককে তিন এবং লুৎফা হোটেলের সোলাইমানকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অষ্টব্যাঞ্জন রেস্টুরেন্টকে ২৫ হাজার, নান্না বিরিয়ানিকে ১০ হাজার এবং মামুন বিরিয়ানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। খিলগাঁও এলাকায় অভিযানে বিসমিল্লাহ হোটেলকে ১০ হাজার, সোনারগাঁও, জাফরান হোটেল ও নিউ বিরিয়ানিকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নাজিমউদ্দিন রোড এলাকায় পরিচালিত অভিযানে ঢাকাইয়া ডাইন, খানাদানা রেস্টুরেন্ট, রিজিক রেস্তোরাঁ এবং মামুন বিরিয়ানিকে সতর্ক করা হয়। এছাড়া মিতালী ও নীরা হোটেলকে ১০ হাজার টাকা এবং ক্যাফে রাজধানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বেচারাম দেউড়ি এলাকায় হোটেল চান মিয়া, সিলেট খাবার হোটেলসহ আরও তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ক্যাফে খাজা এবং ক্যাফে হাজী হোটেল ও রেস্তোরাঁ ২০ হাজার টাকা জরিমানার মুখে পড়ে।

এই অভিযানে জরিমানা করা হয় স্টার কাবাব, হোটেল সিলভানা, পেনাং, হাজী বিরিয়ানি, আদি মরণচাঁদ মিষ্টান্ন ভা-ারসহ বেশ কিছু প্রসিদ্ধ প্রতিষ্ঠানের কয়েকটি শাখাকে। অভিযানের খবর পেয়ে বন্ধ করে চলে যাওয়ায় একটি হোটেলকে সিলগালা করে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত