একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে অনিয়মের তথ্য-প্রমাণ জোগাড়ের অগ্রগতি সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছেন বিএনপি নেতারা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্কাইপের মাধ্যমে লন্ডন প্রবাসী তারেককে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরবর্তী তথ্য উপাত্ত সংগ্রহ বিষয়ক কমিটির নেতারা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দলীয় কার্যালয়ে বৈঠক ও তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। বৈঠক উপস্থিত থাকা বিএনপির জ্যেষ্ঠ নেতারা দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।
বৈঠকে তারেক রহমানকে জানানো হয়, এ পর্যন্ত ১০০ প্রার্থীর পাঠানো তথ্য-উপাত্ত পেয়েছে কমিটি। সেগুলো দেখেশুনে সমন্বয় করা হচ্ছে। এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বনির্ভর বিষয়ক সম্পাদিকা শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।
জিয়ার জন্মবার্ষিকীতে দুদিনের কর্মসূচি : আগামীকাল ১৯ জানুয়ারি শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আলোচনা সভা হবে।
