সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ‘বিজয় উৎসব’ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানস্থলে আসাদের কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করা এবং কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধও জানিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে অনুষ্ঠানস্থল এবং এর আশপাশ এলাকা দিয়ে ভারী হালকা যানবাহনসহ গমনাগমন পরিহার করারও অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জানুয়ারি শনিবার সকাল ১১টা থেকে আওয়ামী লীগের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিজয় উৎসব’-এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ঢাকা শহরসহ আশপাশ এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বাস, ট্রেন, লঞ্চযোগে ওইদিন ভোর থেকেই ব্যাপক গণজমায়েত হবে। গাবতলী, মিরপুর রোড হয়ে আসা ব্যক্তিরা সায়েন্স ল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এবং নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এক লাইনে পার্কিং করবেন। উত্তরা থেকে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী, মগবাজার, কাকরাইল চার্চ, রাজমনি ক্রসিং, নাইটিংগেল, পল্টন মোড়, জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার, বাড্ডা, গুলশান, রামপুরা রোড, মৌচাক ফ্লাইওভার, মালিবাগ, শান্তিনগর, রাজমনি ক্রসিং, নাইটিংগেল হয়ে পল্টন মোড়, জিরো পয়েন্ট হয়ে আসা ব্যক্তিরা পল্টন মোড় বা জিরো পয়েন্টে নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন এবং তাদের বাসগুলো মতিঝিল এলাকায় পার্কিং করবেন।
এছাড়া উত্তরা-এয়ারপোর্ট থেকে আসা গাড়িগুলো পার্কিং স্থান মতিঝিল-গুলিস্তানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা হতে পারে। পূর্বাচল থেকে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল থেকে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে আসা ব্যক্তিরা গুলিস্তানে নেমে হেঁটে জিরো পয়েন্ট-দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন এবং তাদের বাসগুলো মতিঝিল-গুলিস্তান এলাকায় পার্কিং করবেন। যারা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে চাঁনখারপুল হয়ে আসবেন তারা এখানে নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাবুবাজার ব্রিজ হয়ে আসা ব্যক্তিরা গোলাপশাহ মাজারে নেমে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো গুলিস্তান এলাকায় পার্কিং করবেন। শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ সম্মানিত ব্যক্তিদের গমনাগমন উপলক্ষে ওইদিন ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন যেমনÑ বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, চাঁনখারপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টো রোড ক্রসিংগুলো থেকে গাড়ি ডাইভারশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে।
