প্রধানমন্ত্রীর নামে ফেইসবুকে প্রতারণা, গ্রেপ্তার ৫

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০২:৫১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ বিভিন্ন জাতীয় নেতার নামে ফেইসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং গুজব সৃষ্টি করে উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচার চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-২-এর একটি দল গত বুধবার ভোর থেকে গতকাল ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার মগবাজার, ডেমরা, মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভার থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো ওমর ফারুক (৩০), সাব্বির হোসেন (২৪), আল-আমিন (২৭), আমিনুল ইসলাম আমিন (২৫) ও মনির হোসেন (২৯)। গতকাল কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, পেশায় ব্যবসায়ী ওমর ফারুক চার বছর ধরে ফেইসবুক ব্যবহার করে প্রধানমন্ত্রীর নামে ছয়টি, সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি এবং আওয়ামী লীগ গোষ্ঠীসহ বিভিন্ন জাতীয় নেতার নামে ৩৬টি পেইজ চালিয়ে আসছিলেন। তার নিজেরও ছয়টি আইডি রয়েছে। তার সব ফেইসবুক পেইজে নিজের ব্যক্তিগত নম্বর দিয়ে রেখেছিলেন। ফারুক নিজেকে আওয়ামী লীগের ‘বিশেষ এজেন্ট’ দাবি করে সংরক্ষিত নারী আসনে টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে যোগাযোগের জন্য ফেইসবুকে আহ্বান জানাচ্ছিলেন। মুফতি মাহমুদ জানান, গ্রেপ্তার সাব্বির হোসেনের নামে সন্ত্রাস দমন আইনে দুটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে চারটিসহ মোট ছয়টি মামলা রয়েছে। তিনি আগে তারেক জিয়া সাইবার ফোর্স, দেশনেত্রী সাইবার ফোরাম পেইজের অ্যাডমিন ছিলেন। সম্প্রতি তিনি ‘শেখ হাসিনার পরামর্শ’ ও ‘সায়মা ওয়াজেদ পুতুল’ নাম দিয়ে দুটি পেইজ থেকে নিরাপদ সড়ক চাই এবং কোটা সংস্কার আন্দোলনের সময়কার ‘উসকানিমূলক ভিডিও’ পোস্ট করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আল-আমিন ‘সাইবার অপরাধের সঙ্গে সম্পৃক্ত’ একটি পেইজের অ্যাডমিন। তিনি বিচার বিভাগ, সেনাবাহিনী, পুলিশকে নিয়ে মিথ্যা তথ্য সংবলিত ভুয়া ছবি ফেইসবুকে পোস্ট করে আসছিলেন। আমিনুল ইসলাম আমিন ছাত্রশিবিরের সহযোগী সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর একজন সদস্য দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, তিনি ফেইসবুকে চারটি অ্যাকাউন্ট ও তিনটি পেইজ চালানোর পাশাপাশি ইউটিউবে বিভিন্ন ‘কমিক আইটেম’ প্রচার করে আসছিলেন। আওয়ামী লীগের লোগো সংযোজন করে একটি, প্রজন্ম চেতনা ও স্পাইউদ্দিন নামে দুটি ফেইসবুক পেইজ থেকে গুজব সৃষ্টি এবং উসকানিমূলক ভিডিও পোস্ট করতেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা হোসেনের নামে ফেইসবুক পেইজ খুলে ভুয়া খবর ছড়ানো হচ্ছে জানিয়ে গত ১১ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এ বিষয়ে তদন্ত করতে নেমে র‌্যাব অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত