হুয়াওয়ের অনুদান বাতিল করল অক্সফোর্ড

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০২:৫৫ পিএম

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের অনুদান ও স্পন্সর বাতিল করে দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের অভিযোগ, টেলিকম প্রতিষ্ঠানটির ইলেকট্রনিক পণ্য গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হচ্ছে।

অবশ্য হুয়াওয়ে তাদের বিরুদ্ধে এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, কোনো ধরনের গুপ্তচরবৃত্তির ঝুঁকি নেই তাদের পণ্যে।

এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য মার্কেট থেকে গোপন তথ্য চুরির অভিযোগ তদন্ত চলছে হুয়াওয়ের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ইরানে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ব্যবসায়িক কার্যক্রম চালানোর অভিযোগও আছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হুয়াওয়ে থেকে এখন থেকে কোনো ধরনের তহবিল সুবিধা নেওয়া হবে না। গত ৮ জানুয়ারি এ সিদ্ধান্ত নেওয়া হয়।

image

হুয়াওয়েকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে। বিষয়টি এখন বিশ্ববিদ্যালয়টি পর্যালোচনার অধীনে থাকবে। এই সিদ্ধান্ত গবেষণা চুক্তির তহবিল এবং দাতব্য দান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলেও জানায় বিশ্ববিদ্যালয়টি।

তবে হুয়াওয়ের তহবিল ও অনুদানে চলমান প্রজেক্টগুলো চলতে থাকবে। শুধু নতুন করে কোনো ধরনের সহায়তা নেওয়া হবে না প্রতিষ্ঠানটি থেকে। তবে শিগগিরই এ বিষয়টি সমাধান হবে বলে দৃঢ় আশা প্রকাশ করে অক্সফোর্ড।

অক্সফোর্ড জানায়, যৌথ সহায়তা চলমান দুইটি প্রজেক্টে হুয়াওয়ে বিশ্ববিদ্যালয়টিকে ৬ লাখ ৯২ হাজার পাউন্ড অনুদান দেয়।

এদিকে হুয়াওয়ের এক মুখপাত্র জানায়, এ ব্যাপারে তাদেরকে এখনো কিছু জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত