ভারতের কেরালা রাজ্যে সাবরিমালা মন্দিরে ঋতুমতী নারীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে ৫০ বছরের কম বয়সী ৫১ নারী উপাসনালয়ে প্রবেশ করেছেন। চলতি মাসের শুরুতে দেবতা আয়াপ্পার মন্দিরে প্রবেশ করে ইতিহাস গড়া দুই নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টকে এ তথ্য জানিয়েছে কেরালা সরকার।
এনটিভির প্রতিবেদনে জানানো হয়, সর্বোচ্চ আদালতে কেরালা সরকারের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী বিজয় হংসরিয়া নারীদের প্রবেশের তথ্য জানান। তিনি জানান, সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মন্দিরে প্রবেশ করতে আধার কার্ডের তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন করেছেন ১০ থেকে ৫০ বছর বয়সী সাড়ে সাত হাজারের বেশি নারী। এর মধ্যে পঞ্চাশোর্ধ্ব নারী মন্দিরে প্রবেশ করতে পেরেছেন।
গত ২ জানুয়ারি মন্দিরে প্রবেশ করে আলোচিত কনকা দুর্গা (৪২) ও বিন্দু আমিনি (৪৪) সুপ্রিম কোর্টে আবেদনটি করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে কেরালা সরকার ৫১ নারীর তালিকা জমা দেয় সর্বোচ্চ আদালতে।
ওই দুই নারী সূর্যোদয়ের আগে মন্দিরটিতে প্রবেশ করেন। পুলিশি পাহারায় কালো জামা পরে সেখানে যান তারা। তাদের প্রবেশের পরপরই ‘পরিচ্ছন্নতার’ জন্য মন্দিরটি দেড় ঘণ্টা বন্ধ রাখা হয়। আর কেরালাজুড়ে কট্টরপন্থি সংগঠনগুলোর সঙ্গে বিক্ষোভে যোগ দেয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও বিরোধী দল কংগ্রেসের কিছু সদস্য। মন্দিরে যাওয়ার পর প্রায় দুই সপ্তাহ আত্মগোপনে ছিলেন দুই নারী। তাদের মধ্যে কনকা গত মঙ্গলবার শ্বশুরবাড়িতে যাওয়ার পর হামলার শিকার হন। তার অভিযোগ, শাশুড়ি তার মাথায় আঘাত করেছেন। এমন বাস্তবতায় দুই নারী নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন।
