ফের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-কিম

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১০:৩৫ এএম

ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ দ্বিতীয়বারের মতো মুখোমুখি বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং-উন।

হোয়াইট হাউজ এ তথ্য দিয়েছে জানিয়ে বিবিসি বলছে, ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ আলোচক কিম ইয়ং-চোলের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের একটি চিঠি হস্তান্তর করেছেন ইয়ং-চোল।

গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের প্রথম বৈঠকের পর পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সামান্যই অগ্রগতি হয়েছে। অন্যদিকে, অবরোধ অব্যাহত রাখায় অসন্তোষ প্রকাশ করেছে উত্তর কোরিয়া।

নতুন সম্মেলনের ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি। তবে এই বৈঠক ভিয়েতনামে হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

চলতি মাসে কিম জং-উন চার দিনের চীন সফর করে এসেছেন। আগের বছর কিম চীনে তিনবার সফর করেন।

ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইনের সঙ্গে সাক্ষাৎ করার আগে পরে ছিল এসব সফর।

পিয়ংইয়ংকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়াও চাইছে ওয়াশিংটন সবরকম নিষেধাজ্ঞা যেন তুলে নেয়।

এছাড়াও কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি টেনে একটি শান্তি চুক্তি এবং দেশটির রাজনৈতিক ব্যবস্থা বজায় থাকার নিশ্চয়তা চাইছে উত্তর কোরিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত