স্ত্রীর ওপর অভিমানে স্বামীর আত্মহত্যা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১১:১৮ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীর ওপর অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে প্রদ্যুৎ শর্মা (২৬) নামের এক যুবক।

শনিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রদ্যুৎ শর্মা উপজেলার দয়ারামপুরের বাটিকামারী গ্রামের মৃত সুরেশ শর্মা’র ছেলে।

নিহতের মা অনিমা জানান, সাত মাস পূর্বে ছেলে প্রদ্যুৎকে পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ভারতিপাড়ার অসীম কুমারের মেয়ে সাধনার সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। কয়েক দিন আগে সাধনা তার বাবার বাড়িতে চলে যায়। এরপর থেকেই বিষণ্ন ছিল প্রদ্যুৎ। শনিবার তার স্ত্রী’র সাথে মোবাইলে কথা বলার পর সে বিকেলের কোন এক সময় সবার অলক্ষ্যে তিনটি ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায়। বিষক্রিয়া শুরু হলে সে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে দ্রুত তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রদ্যূৎ এর মৃত্যু হয়।

এব্যাপারে মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম  বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় আনার পর ইউডি মামলাসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত