ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় এক দরিদ্র কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার মধ্যরাতে পশ্চিম আলীপুর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এ এফ এম নাসিম গতকাল শনিবার সাংবাদিকদের জানান, এ ব্যাপারে ওই কিশোরীর মা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই কিশোরী তার পরিবারের সঙ্গে পশ্চিম আলীপুরের একটি বাড়িতে ভাড়া থাকে। রাতে প্রাকৃতিক কাজে শৌচাগারে গেলে সেখান থেকে ওবায়দুল্লাহ (২০) নামে প্রতিবেশী এক তরুণ ওই কিশোরীকে মুখ বেঁধে দোতলা বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বলেন, আমরা গরিব মানুষ। বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে দিন চালাই। সঙ্গে আমার কিশোরীর মেয়েও থাকে। আমার মেয়েকে ওবায়দুল্লাহ মাঝে মধ্যেই উত্ত্যক্ত করত। তিনি জানান, গতকাল শনিবার সকালে তার মেয়ে ধর্ষণের ঘটনাটি জানালে মেয়েকে নিয়ে তিনি থানায় যান।
