চলন্ত বাস থেকে দম্পতিকে ফেলে দিল ছিনতাইকারীরা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৩:১৮ এএম

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে শুক্রবার গভীর রাতে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাল লুট করে চলন্ত বাস থেকে ছিনতাইকারীরা ফেলে দিয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন কেরানীগঞ্জ উপজেলার কানারচর কদমতলী এলাকার মোনায়েম হোসেনের ছেলে মো. হাসান (২৭) ও তার স্ত্রী মহুয়া আক্তার (১৯)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ বি এম মনিরুজ্জামান বলেন, রাত সাড়ে ১২টার দিকে এক দম্পতিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় তাদের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। উন্নত চিকিৎসার জন্য গতকাল শনিবার দুপুরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আহত হাসান জানান, তারা যশোর বেড়াতে যাওয়ার জন্য রাত ১২টার দিকে হেমায়েতপুর থেকে একটি সবুজ রঙের বাসে সাভারে বাস কাউন্টারে যাচ্ছিলেন। বাসটি ছাড়ার পরপরই যাত্রীবেশী কয়েকজন ছিনতাইকারী তাদের মারধর করে স্ক্রু ড্রাইভার এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় ছিনতাইকারীরা তাদের সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে নেয়। এরপর ব্যাংক টাউন ব্রিজের কাছে এলে চলন্ত বাস থেকে তাদের ফেলে দেওয়া হয়।

সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ছিনতাইয়ে জড়িত বাসটিকে আটক করা হয়েছে। ছিনতাই চক্রের সদস্যদের আটকের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত