ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অর্ধশত ঘর। যার বেশির ভাগ ব্যবহৃত হতো ঝুটের গোডাউন হিসেবে। সোমবার ভোর ৪টায় সদর উপজেলার ফতুল্লা থানার জেলা পরিষদ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
এছাড়া সেখানে কিছু বসতঘরে লোকজন বাস করতেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। গোডাউনগুলো বাঁশের মুলি ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।
সেখানে কয়েকটি পরিবার থাকলেও অন্যান্য পরিবারগুলো তাদের ঘর ঝুটের গোডাউন ভাড়া দিয়ে অন্যত্র বাস করেন।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন ছিল। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
