মেঘনায় ট্রলারডুবি উদ্ধার অভিযান শেষ মালিক রিমান্ডে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১১:১৩ পিএম

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘটনার সাত দিন পার হলেও ট্রলারের সন্ধান পাওয়া যায়নি। এখনো নিখোঁজ ১৮ শ্রমিক। এদিকে ট্রলারমালিক জাকির দেওয়ানকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা। এ সময় তিনি বলেন, ‘টানা ছয় দিনে উদ্ধার অভিযান চালিয়েও ট্রলারের সন্ধান মেলেনি। কোনো ক্লু পাওয়া গেলে আবারও উদ্ধার তৎপরতা চলতে পারে।’

এর আগে বিকেলে মুন্সীগঞ্জ আমলি আদালত-৫-এর বিচারক ট্রলারমালিক জাকিরের রিমান্ড মঞ্জুর করেন। ট্রলারডুবির ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আরশেদ আলী জানান, সাত দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রবিবার নদী থেকে উদ্ধার দুই লাশেরই পরিচয় মিলেছে। মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটে উদ্ধার লাশটি ট্রলারের শ্রমিক রহমত আলীর (৩৯) বলে নিশ্চিত করেন তার ভাই সোহেল রানা।
চাঁদপুরের ষাটনল এলাকায় পাওয়া লাশ আরেক শ্রমিক রফিকুল ইসলামের। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার মু-ুমালা গ্রামের বাসিন্দা মৃত লায়ন ফকিরের ছেলে।

গত ১৫ জানুয়ারি ভোরে তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে মাটিবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ সময় ১৪ শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও ২০ শ্রমিক নিখোঁজ হন।এ ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম ট্রলারমালিকসহ তিনজনকে আসামি করে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত