দুই জেলায় ৩ লাশ

বাগেরহাট মুন্সীগঞ্জ কুমিল্লায় তিন খুন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১১:২৭ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ ও মুন্সীগঞ্জের সদর উপজেলায় দুজন খুন হয়েছেন। কুমিল্লার দেবীদ্বারে মানসিক প্রতিবন্ধীর দায়ের কোপে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে এক মানসিক প্রতিবন্ধী ও আনোয়ারায় অজ্ঞাতনামা এক ব্যক্তির এবং কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর

বাগেরহাট : মোরেলগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়ি গ্রামের ধানক্ষেত থেকে গতকাল সোমবার সকালে কাবুল মোল্লা (৪৫) নামে এক করাতকল শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের গাফফার মোল্লার ছেলে। নিহতের ছেলে নাঈম মোল্লা বলেন, গত রবিবার রাত ৮টার দিকে মুঠোফোনে কল এলে তার বাবা বাড়ি থেকে বাইরে যান। পরে আর ফেরেননি। তিনি জানান, জমি ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে স্বজনদের বিরোধ চলছে। মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

মুন্সীগঞ্জ : সদর উপজেলার গজারকান্দি গ্রামের আলুক্ষেতে গতকাল সকালে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের গলা কাটা লাশ পাওয়া গেছে। সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণের লালমাই পাহাড়ের পাদদেশ থেকে গত শনিবার রাতে অজ্ঞাত এক কিশোরের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, কিশোরের পরনে জিন্স প্যান্ট, হলুদ গেঞ্জি ও গলায় মাফলার পেঁচানো ছিল।  কুমিল্লার দেবীদ্বারে মানসিক প্রতিবন্ধীর দায়ের কোপে দুধ মেহার বিবি (৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। গত রবিবার সন্ধ্যায় উপজেলার শাহারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার নবীয়াবাদ গ্রামের রুবি আক্তার (৪০) দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন থাকায় স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর প্রায় তিন বছর ধরে খালা দুধ মেহারের বাড়িতে থাকেন। গত রবিবার বিকেলে নিহতের মেয়ে রাশেদা পাশের বাড়িতে গেলে খালা দুধ মেহারকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রুবি। দেবীদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক রুবিকে আটক করা হয়েছে। তিনি মানসিক বিকারগ্রস্ত। এর আগেও কয়েকজনকে কুপিয়েছেন।

চট্টগ্রাম : মিরসরাইয়ের মহামায়া হৃদ এলাকার একটি ডোবা থেকে গত রবিবার রাতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ইকবাল হোসেন (২৮) নামের ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে। মিরসরাই থানার ওসি বিপুল চন্দ্র দেবনাথ বলেন, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল।

ধারণা করা হচ্ছে, ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে। জেলার আনোয়ারা উপজেলার ছিরাবটতলী গ্রামের আমিন মেম্বারের বাড়ির ডোবা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। আনোয়ারা থানার এসআই খায়রুজ্জামান জানান, লাশের পরনে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ঘাতকরা অন্যত্র তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত