হাইকোর্ট মাজারের টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা লুটের পর এক মাস পেরিয়ে গেলও চার নিরাপত্তারক্ষী ছাড়া আর কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দায়ের মামলার তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সিসিটিভি ফুটেজে শার্ট প্যান্ট পরা একজন লোককে দেখা গেছে। তাকে ধরতে দেশের সব থানায় ভিডিও ফুটেজ সরবরাহের মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে।
গত ২২ ডিসেম্বর রাতে হাইকোর্ট মাজারের ১২টি সিন্দুকের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা চুরি হয়। ঘটনার পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা চারজনকে আটক রাখা হয়। তবে তাদের কাছ থেকে এখনো তেমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানা এসআই মনসুর আহমেদ। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বিভিন্ন থানায় ফুটেজ পাঠানো হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা ভিডিও প্রকাশ করেছি।’
