বাংলা ভাষা লেখা না থাকায় রাজধানীতে বেশ কিছু প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে বনানী-১১ নম্বর সড়কের ১০টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, সেগুলো হলোÑ লিটল এঞ্জেলস, গ্রেট ইন্টারন্যাশনাল, বিএফসি, গিঞ্জা, ফিট এলিগেন্স, অ্যাঞ্জেলা, মুন’স, আনজারা, রিয়েল থাই ও লেদারেক্স। হাইকোর্টের আদেশ অনুযায়ী, দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্র ছাড়া নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানারে বাংলা থাকা বাধ্যতামূলক। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি ডিএনসিসি এলাকায় নিশ্চিত করার দায়িত্ব ডিএনসিসি কর্র্তৃপক্ষকে দেওয়া হয়।
২০১৮ সালে জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে সাত দিনের মধ্যে সাইনবোর্ড বাংলায় লিখে প্রতিস্থাপনের অনুরোধ জানিয়েছিল ডিএনসিসি। তা ছাড়া মাইকিং, বিভিন্ন গণমাধ্যমে পাঠানোসহ ডিএনসিসির ওয়েবসাইট ও ফেইসবুক পাতায়ও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। কিন্তু হাইকোর্টের সে আদেশ ও ডিএনসিসির বিজ্ঞপ্তি বাস্তবায়ন না করায় গতকাল স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
×
