অবৈধ বা নকল মোবাইল ফোনসেট শনাক্ত করতে শক্তিশালী আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) ডাটাবেজ তৈরি করা হয়েছে। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) উদ্যোগে নির্মিত এ ডাটাবেজের উদ্বোধন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে স্থাপিত এই ডাটাবেজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার উদ্বোধন করবেন। আইএমইআই ডাটাবেজ থেকে পরীক্ষা করে দেখা হবে কোন কোন নম্বর (আইএমইআই) নকল। তখন নকল আইএমইআই ব্যবহার হওয়া ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে। এমনও হতে পারে কোনো অপারেটরের সিম ফোনে ঢুকানো হলেও সেট চালু হবে না। বিশেষজ্ঞদের মতে, আইএমইআই নকল না আসল তা পরীক্ষার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। মোবাইল ফোন পরীক্ষার জন্য সেসব পদ্ধতিই অনুসরণ করা হবে।
দেশে মোবাইল ফোন আনার ক্ষেত্রে প্রবেশ মুখে আইএমইআই পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। ফলে কোনোভাবেই অবৈধ ও নকল আইএমইআই নম্বরের মোবাইল ফোনসেটের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না। ডাটাবেজের ফলে অবৈধভাবে আমদানি করা বা নকল মোবাইল ফোনসেট বন্ধ করার প্রক্রিয়া শুরু হবে।
জানতে চাইলে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) সভাপতি রুহুল আলম আল মাহবুব বলেন, ‘প্রতি বছর তিন থেকে সাড়ে তিন কোটি মোবাইল ফোনসেট বৈধপথে দেশে আসে। অন্যদিকে প্রায় একই পরিমাণ ফোনসেট দেশে আনা হয় অবৈধপথে। মূলত এই অবৈধপথে মোবাইল ফোনের প্রবেশ ঠেকাতেই এই উদ্যোগ।’ তিনি জানান, এই উদ্যোগ সফল হলে বৈধপথে আসা ফোনের পরিমাণ বাড়বে, সরকারের রাজস্ব আয়ও বেশি হবে। এছাড়া দেশেও ফোনের উৎপাদন বাড়বে।
