দাভোসে ধনীদের দ্বিচারিতা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১১:৪৫ পিএম

সুইজারল্যান্ডের দাভোসে চলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত বিশ্বের শীর্ষস্থানীয় ধনীরা একদিকে জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন; অন্যদিকে তারা আবার অধিক পরিমাণে জীবাশ্ম জ্বালানিচালিত বেসরকারি বিমান চলাচল বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। এয়ার চার্টার সার্ভিসের (এসিএস) মতে, ব্যক্তিগত বিমান চলাচল বাড়লে পরিবেশে কার্বন নির্গমনের পরিমাণ আরও বাড়বে বাণিজ্যিক বিমান চলাচলের চেয়েও।

দাভোসের পাশের বিমানবন্দরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে কমবেশি এক হাজার ৫০০ ব্যক্তিগত বিমান অবতরণ করে। গত বছরের বৈঠকে এই ব্যক্তিগত বিমানের সংখ্যা ছিল এক হাজার তিনশর বেশি।

প্রাইভেটফ্লাই ডটকম নামের একটি ওয়েবসাইট জানায়, দাভোস সম্মেলনকে কেন্দ্র করে দুই হাজারের বেশি ব্যক্তিগত জেট বিমান দেখা যায় ওই অঞ্চলে। শীর্ষ ধনীদের বাইরে অন্যরা ব্যক্তিগত গাড়ি এবং ট্রেন ব্যবহার করে সম্মেলনে আসেন। তবে কিছু সিইও এবং সরকারি নেতারা সময় বাচাতে হেলিকপ্টার ভাড়া করে আসেন সম্মেলনে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে গতবার এবং এবারের আলোচনার কেন্দ্রেই ছিল জলবায়ু পরিবর্তন ইস্যু। ডব্লিউইএফ আয়োজকরা জোর দিয়ে বলছেন যে, তারা কার্বন নির্গমনকারী ব্যক্তিগত জেট বিমানের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে ডব্লিউইএফের গ্লোবাল পাবলিক গুডসের প্রধান ডমিনিক ওঘুরে বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের বিষয়টি আমলে নেওয়ার জন্য উৎসাহী করার চেষ্টা করছি। ব্যক্তিগত বিমানে করে মূলত সরকারি কর্মকর্তারা আসেন। কারণ ভিয়েনা কনভেনশন অনুমতি দেয় এমন অনুষ্ঠানে মানুষদের নিরাপদে আসার জন্য বিমান ব্যবহার করতে।’ সূত্র : এএফপি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত