হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুরে গতকাল মঙ্গলবার অভিযান চালায় র্যাব। সেখান থেকে ওই হামলায় জড়িত কোনো জঙ্গিকে আটক করতে পারেনি র্যাব। তবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি শিবনারায়ণপুরের বাসিন্দা। র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, শিবনারায়ণপুরে হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের একাধিক সদস্য অবস্থান করছে- এমন খবর পেয়ে গত সোমবার রাত থেকেই পুরো এলাকা ঘিরে ফেলেন র্যাব সদস্যরা। পরে ভোরে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। অভিযানে শিবনারায়ণপুরের ১৫টির বেশি বাড়িতে তল্লাশি চালানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে অভিযান শেষ করে সংবাদ ব্রিফিংয়ে র্যাব-৫-এর অধিনায়ক বলেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পালিয়ে গেছে। অভিযানে মনিরুল ইসলাম নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×
