কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে শুনানি আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে কুমিল্লার সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. জাফর আহমেদের যুগ্ম বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান।
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা এ মামলায় জামিন পেতে চলতি সপ্তাহে হাইকোর্টে আইনজীবীদের মাধ্যমে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়ার আইনজীবীরা জানান, কুমিল্লার বিচারিক আদালত এ মামলার শুনানি করতে সময়ক্ষেপণ করায় তারা হাইকোর্টে আবেদন করেছেন।
আইনজীবী কায়সার কামাল বলেন, হাইকোর্টের এই আদেশের ফলে ৪ ফেব্রুয়ারির মধ্যে কুমিল্লার আদালতকে খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়টি নিষ্পত্তি করতে হবে।
