টয়লেটে অনেক সময় মানুষ অপ্রয়োজনীয় জিনিস ফেলে ফ্ল্যাশ করে থাকে। মানুষের দেহের বর্জ্যের সঙ্গে এমনিতেই অন্যকোন জিনিস টয়লেটে ফেলাটা উচিত নয়।
এর ওপরে টয়লেট বা ফ্ল্যাশ সিস্টেম ক্ষতি করতে পারে এমন জিনিসও অসচেতনতাবশত মানুষ এতে ফেলে। অনেকে জানলেও এ বিষয়ে সচেতন নন।
বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক বিখ্যাত ম্যাগাজিন ‘পপুলার সায়েন্স’ এ বিষয়ে একটি লেখা প্রকাশ করে। আসুন দেখে নিই কী কী জিনিস টয়লেটে ফ্ল্যাশ করা উচিত নয়-
শক্ত জিনিস
টয়লেটে কোনোভাবেই শক্ত কোনো জিনিস ফ্ল্যাশ করা উচিত নয়। বিশেষ করে কোনো ধরনের কাপড় জাতীয় জিনিস বা কাগজ। এটি ভেতরে পয়োনিষ্কাশন প্রক্রিয়াকে বিকল করে দিতে পারে।
চুল
টয়লেটে চুল পড়লে সেটি অন্যভাবে সংগ্রহ করে নিন। চুল পরিমাণে কম হতে পারে, কিন্তু নিয়মিত এটি ফ্ল্যাশ করা হলে একটা সময় টয়লেটের ভেতরে এসব চুল জমাট বেঁধে বর্জ্যসহ পানিও আটকে দিতে পারে।
রক্ত
টয়লেটে কোনোভাবেই রক্ত ফ্ল্যাশ করা উচিত না। নারীরা ঋতুস্রাবের সময় দ্রুত সেটি রোধ করার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করুন।
তুলা
স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন এ জিনিস কেন ফ্ল্যাশ করা উচিত নয়। তুলা টয়লেটের ভেতরে আটকে যেতে পারে।
নখ
রক্তের মতো হাত-পায়ের নখ কেটে টয়লেটে ফেলবেন না। আসলে এসব জিনিস কোনোভাবেই মানুষের বর্জ্যের স্থানে ফ্ল্যাশ করা উচিত না।
কনডম
অনেকে যৌন সম্পর্কের পর কনডম টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দেন। কিন্তু প্লাস্টিক বা রাবার জাতীয় পণ্য হওয়ায় এটি টয়লেটের জন্য অবশ্যই ক্ষতিকর।
ক্যাট লিটার
বিড়াল ছাড়াও অনেকে খরগোশ, ছোট কুকুর বা শুয়োর লালন-পালন করেন। তাদের মলমূত্র পরিষ্কার করার জন্য বালিজাতীয় এসব ক্যাট লিটার ব্যবহার করা হয়ে থাকে। কোনোভাবেই এসব বস্তু টয়লেটে ফ্ল্যাশ করা উচিত না।
কন্টাক্ট লেন্স
অনেকে মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হয়ে যাওয়া কন্টাক্ট লেন্স টয়লেটে ফেলে দেন। এটা উচিত নয়।
কর্ক বা বোতল জাতীয় দ্রব্যের মুখ
টয়লেটে ব্যবহারের জন্য অনেক দ্রব্যের প্লাস্টিক বোতলের কর্ক বা মুখ টয়লেটে ফেলা উচিত নয়। ফ্ল্যাশের পর ভেতরে এটি আটকেও যেতে পারে।
পেপার টাওয়েল
কাগজের শক্ত টিস্যুও টয়লেটের জন্য ক্ষতিকর। এটিও ফ্ল্যাশ করা উচিত নয়।
স্যুপ বা তরল খাবার
এমনিতেই টয়লেটে কোনো ধরনের খাবার ফেলা উচিত না। তবে তরল বা পানীয় হওয়া স্যুপ বা এ জাতীয় খাদ্য অনেকে টয়লেটে ফেলে থাকেন। এটি পরিহার করা উচিত।
প্যাড ও ডায়াপার
শিশুদের প্যাড এবং নারীদের পিরিয়ড পেপার কেন টয়লেটে ফ্ল্যাশ করা উচিত না, সেটা আশা করি বুঝতেই পারছেন। তবে অনেকে এই ভুল করে থাকেন।
মেকাপ রিমুভার
চেহারার মেকাপ তুলে ফেলার রিমুভার পণ্যসমূহ ফ্ল্যাশ উপযোগী নয়।
তেল বা চর্বি
খাদ্যবস্তুর তেল বা চর্বি অনেকেই টয়লেটে ফ্ল্যাশ করে থাকেন। কিন্তু টয়লেটের জন্য এটি ক্ষতিকর।
