কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. গিয়াসউদ্দিনকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় দুদকের পরিচালক মো. কামরুল আহসানের নেতৃত্বে একটি দল কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে ফাঁদ পেতে সার্ভেয়ার গিয়াসউদ্দিনকে ঘুষের টাকাসহ আটক করেন। দুদক কর্মকর্তা জানান, জেলা শহরের বাসিন্দা শাহ আবদুল হাকিম তার একটি জমির দাগ সংশোধন করার জন্য সপ্তাহখানেক আগে কিশোরগঞ্জ সদর ভূমি অফিসে দরখাস্ত করেন। তিনি কয়েক দিন অফিসে ঘুরেও কোনো প্রতিকার পাননি। পরে ওই অফিসের সার্ভেয়ার গিয়াসউদ্দিন আবদুল হাকিমের কাছে কাজটি করিয়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি ১০ হাজার টাকায় রাজি হয়ে বিষয়টি ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের অবগত করেন। গতকাল ১০ হাজার টাকা গিয়াসউদ্দিনকে দেওয়ার সময় দুদকের একটি দল হাতেনাতে আটক করে তাকে।
×
