নওগাঁর মান্দা উপজেলা থেকে উদ্ধার করা বিলুপ্তপ্রায় নীলগাইটিকে গতকাল বুধবার সকালে রাজশাহী বন্য প্রাণী ও পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার উপজেলার জোতবাজার এলাকা থেকে নীলগাইটি আটক করে এলাকাবাসী। স্থানীয়রা জানান, সেদিন দুপুরে জোতবাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করছিল এই বন্য প্রাণীটি। পরে এলাকাবাসী নীলগাইটি আটক করে মান্দা থানা পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেন। মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন গতকাল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রাণীটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়। ইউএনও খন্দকার মুশফিকুর রহমান বলেন, উদ্ধার হওয়া নীলগাইটি রাজশাহী বন্য প্রাণী পরিচর্যা কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। রাজশাহী বন্য প্রাণী ও পরিচর্যা কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, বন্য প্রাণী নীলগাই দেশ থেকে অনেক দিন আগেই বিলুপ্ত হয়েছে। এটি সম্ভবত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসতে পারে।
তিনি বলেন, পশুটিকে আপাতত পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
