দেশে শিশু আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ)।প্রতিবেদনে দেখা যায়, ২০১৮ সালে ২৯৮ শিশু আত্মহত্যা করেছে, যেখানে ২০১৭ সালে এ সংখ্যা ছিল ২১৩। একই বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৪ হাজার ৫৬৬ শিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। অর্থাৎ প্রতি মাসে ৩৮০’রও বেশি শিশু বিভিন্ন রকমের সহিংসতার শিকার হয়েছে।
গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএসএফ আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের শিশুদের অধিকার পরিস্থিতি ২০১৮ নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশের ১৫টি জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদনটি উপস্থাপন করেন বিএসএফ পরিচালক আবদুস শহিদ মাহমুদ। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘প্রকাশিত এই পরিসংখ্যান উদ্বেগজনক, এভাবে চলতে থাকলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে। আমরা বিভিন্ন মানবাধিকার সংগঠন কাজ করছি, মিডিয়া কাজ করছে, কিন্তু সরকার যদি কাজ না করে তাহলে কিছুই হবে না।’
সার্বিক পরিস্থিতি নিয়ে ইউএনডিপির চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর সারমিলা রাসুল বলেন, ‘বাংলাদেশের একটা সুসংহত সংবিধান আছে। যেখানে সবার অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের সন্তানেরা এখনো অধিকারবঞ্চিত। তাদের অধিকার নিশ্চিত করতে সাংবাদিকসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
বিএসএএফের চেয়ারপারসন খাজা সামসুল হুদাসহ কয়েকটি মানবাধিকার সংগঠনের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
