ভারতের জাতীয় নির্বাচনের আগে রাজনীতিতে নেমে আলোচনার কেন্দ্রে এখন প্রিয়াঙ্কা গান্ধী। তাকে দলের সাধারণ সম্পাদক করেছেন তার ভাই কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। প্রিয়াঙ্কার বিশেষ কিছু দিক আছে, যা অনেকেই জানেন না। ভারতীয় গণমাধ্যম ঘেঁটে পাঠকদের জন্য তুলে ধরা হল এমনই পাঁচটি চমকপ্রদ তথ্য।
১. গোপন শখ
ভেবে বসতে পারেন এত দিন হয়তো রাজনীতির গোপন শখ ছিল গান্ধী পরিবারের এই সদস্যার। মোটেও তা নয়। ছবি তোলা কাজটি তার খুব প্রিয়। প্রিয়াঙ্কার বাবাও ছবি তুলতে খুব ভালোবাসতেন। সেই ১২ বছর বয়স থেকে ছবি তোলা শুরু করেন কংগ্রেসের নতুন এই রাজনীতিবিদ। তার তোলা ছবি নিয়ে বিভিন্ন সময় প্রদর্শনীও হয়েছে।
২. আজও কাছে রেখেছেন ঠাকুরমার শাড়ি
প্রিয়াঙ্কার চেহারার সঙ্গে প্রয়াত ইন্দিরা গান্ধীর অনেক মিল আছে। তার মাঝেই অনেকে কিংবদন্তি ইন্দিরা গান্ধীকে খুঁজে পান। ঠাকুরমা প্রয়াত হলেও তার অনেক শাড়ি এখনো যত্ন করে রেখে দিয়েছেন প্রিয়াঙ্কা। এমনকি নিজের বিয়ের দিনও ঠাকুরমার শাড়ি পরেন তিনি।
৩. সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত
বিখ্যাত রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও প্রিয়াঙ্কা সব সময় নিজেকে রেখেছেন আলোচনার বাইরে। তাই তো এত দিন রাজনীতির মাঠে নামতেই চাননি। বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, সাধারণ জীবন তাকে ভীষণ টানে।
৪. বৌদ্ধধর্মের ভক্ত
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক শেষ করেন প্রিয়াঙ্কা। মাস্টার্স করেন বৌদ্ধ শিক্ষায়। সেই থেকে বৌদ্ধ দর্শনের প্রতি আগ্রহ বাড়ে। মাঝে মাঝে বৌদ্ধদের মতো ধ্যানও করেন।
৫. কাপকেক বানাতে দক্ষ
৪৭ বছর বয়সী প্রিয়াঙ্কার দুই সন্তান-মিরাইয়া (১৬) এবং রাইহান (১৮)। ২০০৯ সালে ‘আউটলুক’কে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, দুজনই কাপকেক পছন্দ করে। আর তাই সন্তানদের চাহিদার কারণে তিনি এই কেক বানানো শিখে গেছেন। প্রায়ই তাকে বানাতে হয়।
