লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সড়কের একটি চায়ের দোকান থেকে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি এই ছাত্রলীগ নেতাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় তাকে।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, গত বছরের ২৬ আগস্ট সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের মোসলেহ উদ্দিনের বাগানে বসে বাবুলের নেতৃত্বে ডাকাতির প্রস্তুতি চলছিল। পুলিশ সেখানে অভিযান চালালে পালিয়ে যায় ডাকাত দল। তবে পালিয়ে যাওয়াদের মধ্যে দুজনকে ওইদিন রাতেই গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় করা ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ছিলেন বাবুল। মামলার অন্য আসামিদের মধ্যে থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ আলমসহ অন্যরা এখনো পালিয়ে আছেন।
