ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে চার দিনের ‘আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব।’ এতে সাত দেশের আলোকচিত্রীদের ১৪৫টি ছবি প্রদর্শিত হবে। ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র, চারুকলা অনুষদের বকুলতলা এবং শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ ও ৬ নম্বর গ্যালারিতে চলবে এই প্রদর্শনী।
ঢাবি ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মিমু দাস গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। চার দিনের প্রদর্শনী দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। ২৭ জানুয়ারি সকালে টিএসসি থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এতে উপস্থিত থাকবেন। বেলা ১১টায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিতিতে শিল্পকলা একাডেমিতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অধ্যাপক সাদেকা হালিম ও আলোকচিত্রী নাসির আলী মামুন এতে উপস্থিত থাকবেন।
