সাংবাদিকদের কাদের বিএনপি ভাঙবে ঘরোয়া কোন্দলেই

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৪:০৩ এএম

আওয়ামী লীগ বিএনপিকে কোনোভাবেই দুর্বল দল মনে করে না মন্তব্য করে ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অভ্যন্তরীণ কোন্দলেই ভাঙবে বিএনপি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণ’ প্রকল্পের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

‘সরকার নিরন্তরভাবে বিএনপিকে ভাঙার চক্রান্ত করছে’ বলে দলটি যে অভিযোগ করছে সে বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘দেখুন, বিএনপির যা পারফরম্যান্স আন্দোলনে, নির্বাচনে; তাতে সরকারের এমন কী প্রয়োজন আছে? বিএনপির এখন যে নড়বড়ে, এলোমেলো অবস্থা, এরকম একটা দলকে ভেঙে দিতে হবে! আমরা তো একটা স্ট্রং অপজিশন চাই। তারা সংসদে আসুক এটাও আমরা চাই। যে কজনই আছে, আমরা তো তাদের স্বাগত জানিয়েছি।’ তিনি বলেন, এই অবস্থায় বিএনপি যদি ভাঙনের মুখে যায়, তা ঘরোয়া কলহকোন্দলের জন্যই হবে। বিএনপিতে ভাঙন শুরুর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে তাদের নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। তাদের নিজেদের মধ্যেই ভাঙনের সুর। যাদের নিজের ঘরেই শত্রু, তাদের সঙ্গে শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো প্রয়োজন আছে বলে কেউ মনে করে না।’ বিএনপিপ্রধান রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট থাকবে না বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট একটা জগাখিচুড়ি। এই জগাখিচুড়ি ঐক্য থাকবে না, এটা সবাই জানে।’

ক্ষমতাসীদের দলের এই নেতা বলেন, ‘বিএনপি না আসায় তো জাতীয় পার্টি অপজিশনের ভূমিকায় চলে গেছে। ১৪ দলের যারা সংসদে আছেন, তারাও সিদ্ধান্ত নিয়েছেন, স্ট্রং অপজিশনের ভূমিকায় তারা থাকবেন। কাজেই বিরোধী দল থাকবেই। তারপরও যদি বিএনপি আসে তাহলে আরও কণ্ঠ যোগ হবে। অপজিশনের কণ্ঠ সোচ্চার হবে। সেটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো তো।’ আসন্ন উপজেলা ও ঢাকা উত্তর সিটির নির্বাচন-সংক্রান্ত এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না, প্রতিদ্বন্দ্বিতার লোকও থাকবে। প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন হবে না। অন্যান্য দল আছে না? শুধু কি বিএনপিই একমাত্র অপজিশন? আরও দল আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত