মহাশূন্যে পর্যটক পাঠানোর সব প্রক্রিয়াই সম্পন্ন করেছে রিচার্ড ব্রেনসনের বেসরকারি মহাকাশ সংস্থা ভার্জিন গ্যালাটিক। এবার মহাশূন্য ভ্রমণে যাওয়া পর্যটকদের পোশাক নির্মাণের পালা। জানা গেছে, নভোচারীদের এই পোশাক নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ‘আন্ডার আর্মার’ নামে একটি প্রতিষ্ঠানকে। আন্ডার আর্মার মূলত স্পোর্টিং পণ্য তৈরির প্রতিষ্ঠান। খেলোয়াড়দের জামা, জুতো এবং অন্য সরঞ্জাম তৈরি করে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময় গতকাল শুক্রবার ‘আন্ডার আর্মার’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘ভার্জিন গ্যালাটিক’ মহাকাশ সংস্থার নভোচারী পর্যটকদের জন্য পোশাক নির্মাণের দায়িত্ব পেয়েছে।
আন্ডার আর্মারের প্রধান নির্বাহী কেভিন প্ল্যাঙ্ক বলেন, ‘রিচার্ড ব্রেনসন এবং তার ভার্জিন গ্যালাটিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা জীবনের একটি সুযোগ।’
ভার্জিন গ্যালাটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রেনসন এবং আন্ডার আর্মারের সিইও কেভিন প্ল্যাঙ্ক একটি চুক্তিতে স্বাক্ষর করেন। নভোচারী পর্যটকদের পাশাপাশি ভার্জিন গ্যালাটিকের কর্মীদের জন্যও পোশাক বানাবে আন্ডার আর্মার। সংবাদ সম্মেলনে চুক্তির প্রসঙ্গটি নিয়ে বিবৃতি দিলেও দুটি প্রতিষ্ঠানের মধ্যে কত অর্থের চুক্তি হয়েছে, সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। ভার্জিন গ্যালাটিক মহাকাশ সংস্থার যাত্রী হয়ে মহাশূন্যে ঘুরে আসার জন্য এরই মধ্যে প্রায় ৬০০ পর্যটক টিকিট বুকিং দিয়েছেন। এই টিকিটগুলো দুই থেকে আড়াই লাখ ডলারে বিক্রি করা হচ্ছে। এ বছরের মধ্যেই পর্যটকদের নিয়ে মহাশূন্যে উড়াল দেবে বেসরকারি সংস্থাটির রকেট। জানা গেছে, পর্যটকরা পৃথিবী থেকে প্রায় ৫০ হাজার মাইলেরও বেশি ওপরে গিয়ে ঘুরে আসবে।
এ সময় তারা নিজের ভরশূন্য শরীরকে উপলব্ধি করবেন। প্রতি ট্রিপে পর্যটকদের মহাশূন্যে নিয়ে যাবেন দুজন প্রশিক্ষিত পাইলট। পর্যটকদের নিয়ে মহাশূন্যে উড়াল দেওয়ার আগে আরও কয়েকটি পরীক্ষামূলক উড্ডয়ন কর্মসূচিতে অংশ নেবে ভার্জিন গ্যালাটিক। ধারণা করা হচ্ছে, আগামী জুলাই মাসের মধ্যেই পর্যটকদের নিয়ে প্রথম ট্রিপ দেবে ভার্জিন গ্যালাটিক।
