গাইবান্ধায় সপ্তাহব্যাপী নাট্যোৎসব শুরু

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০১:২৯ এএম

সাংস্কৃতিক সংগঠন গাইবান্ধা আইস (ইনস্টিটিউট অব কালচার অ্যান্ড এডুকেশন)-এর আয়োজনে সপ্তাহব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে গাইবান্ধা শহরে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

হুইপ বলেন, ‘সব সময় আমি চাই, সেই মঙ্গাপীড়িত নাম ঘুচিয়ে সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলার অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে সারা দেদশের মধ্যে আমরা যেন এগিয়ে যাই। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনাতেও অনেক দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। এ ধারা অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে।’ বাংলাদেশ ছাপিয়ে বিশ্বে পরিচিতি পাওয়ার জন্য খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

নাট্যকার শাহ আলম বাবলুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। স্বাগত বক্তব্য দেন আইস-এর সাধারণ সম্পাদক নাট্যকার ও নির্দেশক মোহাম্মদ আমিন ও শুভেচ্ছা বক্তব্য দেন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল।

উৎসবে নাটকের সংলাপ উচ্চারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিতাভ দাশ হিমুন, নাট্যকার ও নির্দেশক মোহাম্মদ আমিন ও আইস-এর সহসভাপতি শাহনাজ আমিন মুন্নি। এ ছাড়া একক অভিনয় করেন মেঘলীনা দ্যুতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত