২০১২ সাল থেকে প্রতিবছর নভেম্বরের শেষ সপ্তাহে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়ে আসছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। ২০১৭ সালে এসে ভেন্যু জটিলতার মধ্যে পড়ে উৎসবটি। ওই বছর নভেম্বরে আর্মি স্টেডিয়ামে উৎসবটি অনুষ্ঠিত না হলেও ডিসেম্বর মাসে ধানমন্ডির আবাহনী মাঠে উৎসবটি আয়োজন করা হয়। পরের বছর ২০১৮ সালেও উৎসবের জন্য আর্মি স্টেডিয়ামে বরাদ্দ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। ওই বছরের আয়োজনটি পিছিয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে করা হবে বলে বেঙ্গল ফাউন্ডেশন থেকে জানানো হয়। এবার জানা গেল ফেব্রুয়ারি মাসেও হচ্ছে না উচ্চাঙ্গসংগীত উৎসব।
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘নানা জটিলতার কারণে ফেব্রুয়ারি মাসেও উৎসবটি হচ্ছে না। তবে এ বছরের শেষের দিকে উৎসবটি করার জন্য আমরা চেষ্টা করছি।’ জটিলতার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি লুভা নাহিদ চৌধুরী। তবে বেঙ্গল ফাউন্ডেশনের একটি সূত্র থেকে জানা গেছে, ভেন্যু বরাদ্দ না পাওয়া এবং উৎসবের অনুমোদন নিয়ে জটিলতার কারণেই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে না। প্রভাবশালী একটি মহলের রোষানলে পড়ে উৎসবটির অনুমোদন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এখন ২০১৯ সালেও যদি আয়োজন করা না যায়, তবে উৎসবটি বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন কেউ কেউ।
গত বছর আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গসংগীত উৎসব না হলেও ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’ যথারীতি অনুষ্ঠিত হয়েছে। তাহলে উচ্চাঙ্গসংগীত উৎসবটি কেন হয়নি? তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন থেকে গত বছর জানানো হয়, ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সঠিক সময়ে ভেন্যু বরাদ্দ না পাওয়ার কারণেই উৎসব হয়নি। কিন্তু ফেব্রুয়ারিতেও অনুষ্ঠিত না হওয়ায় এখন অনিশ্চয়তায় পড়েছে উচ্চাঙ্গসংগীত উৎসব। তবে লুভা নাহিদ চৌধুরী নভেম্বরে উৎসবটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
