রসে টইটম্বুর চারুকলা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৩:৩০ এএম

মাঘ মাস এলেও কনকনে শীত নেই নগরে। তবু শীতের সকালে খেজুরের রস খাওয়ার আনন্দ থেকে কেন বঞ্চিত হবেন নগরের মানুষ? মাঘের কুয়াশামাখা ভোরে খেজুরের রস, সঙ্গে খৈ-মুড়ি আর বাহারি পিঠা। গ্রাম-বাংলাজুড়ে এমন দৃশ্য দেখা গেলেও নগরে দেখা যায় না। এবার নগরের মানুষকে গ্রাম-বাংলার এই ঐতিহ্য মনে করিয়ে দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় ‘রস উৎসব’। 

সাংস্কৃতিক সংগঠন ‘রঙ্গে ভরা বঙ্গ’ আয়োজন করে এই উৎসব। গতকাল শুক্রবার সকালে আয়োজন উদ্বোধন করেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, ‘আমাদের নিজস্ব ঐতিহ্য-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উৎসব জরুরি। একটি জাতির ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির মধ্য দিয়েই বোঝা যায়, সে জাতি কতটা সমৃদ্ধ।’

চারুকলার বকুলতলায় রস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল সাড়ে ৮টায়। খেজুরের রস, খেজুরের গুড় আর খৈ-মুড়িতে অতিথিদের আপ্যায়ন করা হয়। টাঙ্গাইলের খোকা ম-লের নাচারির দল পরিবেশন করে মনসামঙ্গলের বেহুলার ভাসানের অংশবিশেষ।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাবি চারুকলা অনুষদের ডিন নিসার আহমেদ, বাংলা একাডেমির ফোকলোর বিভাগের সাবেক পরিচালক শাহিদা আক্তার, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলার অধ্যাপক আলাউদ্দিন আলী প্রমুখ। এবারের রস উৎসবে সভাপতিত্ব করেন রঙ্গে ভরা বঙ্গর সভাপতি অধ্যাপক হায়াৎ মামুদ। উৎসবের আয়োজক সংগঠন ‘রঙ্গে ভরা বঙ্গ’র পরিচালক ইমরান উজ জামান বলেন, ‘আমরা নাগরিক জীবনের চর্চায় নিজস্ব সংস্কৃতি-ঐতিহ্যের অনেক কিছুই ভুলতে বসেছি। বাঙালির চিরায়ত লোকাচার, জীবনবোধের সঙ্গে নগরের মানুষকে পরিচয় করিয়ে দেওয়া এই আয়োজনের উদ্দেশ্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত