পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের কুমারখালী বাজারে আগুনে ভস্মীভূত হয়েছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রাসহ বাউফল এবং দশমিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস।
এদিকে বাজারে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
বাউফল উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী সুপার সেলিম মোল্লা জানান, সরকারি সম্পত্তি বিনষ্ট করার অভিযোগে এ ঘটনায় মামলা হবে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস কান্তি দে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার কালিশুরী ইউনিয়নের কুমারখালী বাজারে আগুনে ৮টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে।
