ব্রাজিলে খনির বাঁধ ধসে নিখোঁজ ৩০০

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১২:৪৮ এএম

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি আকরিক লোহার খনিতে গত শুক্রবারের বাধ ধসে কমপক্ষে তিন শতাধিক নিখোঁজ ও নয়জনের মৃত্যু হয়েছে। মিনাইস গেরাইস রাজ্যের এই বাধ ধসে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় গভর্নর।

শুক্রবার বাঁধ ধসের পরপরই সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গতকাল শনিবার সকালে আরও দুইজনের লাশ পায় উদ্ধারকারীরা। দেশটির দ্বিতীয় বৃহত্তম খনি কোম্পানি ভেল আকরিক লোহার ওই খনিটি নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত ধসের কারণ সম্পর্কে কোম্পানিটির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনায় কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে। একই রাজ্যে ২০১৫ সালে আরেক খনি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়। বাঁধ ধসে পড়ায় সংলগ্ন এলাকাগুলোতেও পানি ছড়িয়ে পড়ে। ফলে অনেক যানবাহন কাদাপানিতে চাপা পড়ে। ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি। আটকে পড়েন অনেকে। পরে হেলিকপ্টারের সাহায্যে তাদের উদ্ধারের উদ্যোগ নেয় কর্র্তৃপক্ষ। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে জোরালো তৎপরতা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা।

শুক্রবার বাঁধসংলগ্ন ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করেই বাঁধটি ধসে পড়ে। এতে কাদাপানিতে চাপা পড়ে ওই ক্যাফেটেরিয়া। ব্রুমাদিনোর মেয়র আভিমার দে মেলো জানান, তাদের হাতে এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য-উপাত্ত নেই। কারণ সবকিছু ঘটেছে বেশ ত্বরিত গতিতে। এই মুহূর্তে তাই নিখোঁজদের জীবিত উদ্ধারের ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে। এরই মধ্যেই দমকল বিভাগের শতাধিক কর্মী উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে। সূত্র : এএফপি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত