রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিন শ্রমিক। নিয়ামুল ইসলাম (১৮) নামে একজনকে ছুরিকাঘাত করে তাদের ছয়টি মোবাইল ফোন ও ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ছুরিকাঘাতে আহত নিয়ামুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তারা সবাই পেশায় রডমিস্ত্রি।
নিয়ামুলের সহকর্মী ইমরান হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি, নিয়ামুল ও রুবেল গাজীপুর চৌরাস্তায় কাজ শেষ করে ট্রেনের ছাদে ঢাকায় ফিরছিলাম। ট্রেনটি বিমানবন্দর স্টেশনের কাছাকাছি পৌঁছলে চার যুবক সামনে থেকে এসে ছুরি ঠেকিয়ে সব দিতে বলে। আমি দুটি মোবাইল ও তিন হাজার টাকা বের করে দিই। রুবেলও দুটি মোবাইল ও ১০ হাজার টাকা দিয়ে দেয়। নিয়ামুল বাধা দিলে তার ডান কাঁধে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুটি মোবাইল ফোন ও চার হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া দেশ রূপান্তরকে বলেন, ট্রেনের ছাদে ছিনতাইয়ের শিকার নিয়ামুলকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। তিন সহকর্মী রাজধানীর খিলগাঁও মাদারটেকে ভাড়া বাসায় থাকেন।
