সংবাদ সম্মেলনে রিজভী

আ.লীগ কার্যালয়ে বাতি জ্বালানোর লোক মিলবে না

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০৩:১৩ এএম

পুলিশি ক্ষমতা না থাকলে আওয়ামী লীগ কার্যালয়ে বাতি জ্বালানোর লোকও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গত শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপি ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে রিজভী বলেন, ‘বিএনপিকে নিয়ে তার এই মাথাব্যথা বিস্ময়কর মনে হচ্ছে। এটা মায়ের চেয়ে মাসির দরদ বেশির মতো।’

রিজভী বলেন, ‘বিএনপি নয়, আওয়ামী লীগ তো ভেতর থেকে ভেঙে চুপসে গেছে। দলটির ভেতরে নানাপন্থি এবং সিনিয়র-জুনিয়রের নানা ধারা বিরাজ করছে। আর এ কারণে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। পুলিশের ওপর নির্ভর করে রাতের আঁধারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করতে হয়েছে।’

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে তারেক রহমানকে সরে দাঁড়ানোর যে বক্তব্য দিয়েছেন, সেটাকে দুঃখজনক বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, তার বক্তব্যে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত