নীলফামারীর সৈয়দপুরে একটি খামারবাড়ি থেকে স্বামী ও স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই বাড়ির তত্ত্বাবধায়ককে (কেয়ারটেকার)। রোববার সকালে ফাতা মধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহত তত্ত্বাবধায়ককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সৈয়দপুর শহরের অদূরে ফাতা মধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে স্বামী ও স্ত্রী খামার করে সেখানেই বাস করছিলেন। রোববার সকালে খামারবাড়িতে তাদের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় ওই বাড়ির তত্ত্বাবধায়ক অচেতন অবস্থায় সেখানে পড়েছিল।
তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে কেউ তাদের হত্যা করে থাকতে পারে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাজাহান পাশা জানান, স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ওসি আরও বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আহত তত্ত্বাবধায়ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করে এ হত্যার সঠিক তথ্য বেরিয়ে আসবে।
