নরসিংদীতে মাদক ব্যবসায়ীদের ভয়ে এলাকা ছাড়া ছাত্রলীগ নেতার পরিবার। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ওই ছাত্রলীগ নেতার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে নরসিংদী শহরের বেলিন্ডা রেস্টুরেন্টে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রানা আকবর মোল্লা এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গত ২৩ জানুয়ারি বুধবার দুপুরে কাউরিয়া পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী খান আলামিন ও কসাই বাবুর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে তার বাড়িতে হামালা চালায়। ওই সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এ ঘটনায় রানা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও কয়েক জনের নামে মামলা দায়ের করেন।
তিনি অভিযোগ করে বলেন, মামলা হলেও পুলিশ আসামি ধরছে না। উল্টো নিরীহ গ্রামবাসীকে হয়রানি করছে। এ থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন তিনি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে রিমান্ড চাওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ কাউকে হয়রানি করছে না।
