সুন্দরবন ভ্রমণে ৫ দেশের ৫৩ বিদেশি পর্যটক নিয়ে বিলাসবহুল আন্তর্জাতিক পর্যটন জাহাজ ‘সিলভার ডিসকভার’ মোংলা বন্দরে পৌঁছেছে। কয়েকটি দেশ ভ্রমণের পর রবিবার বিকেল সাড়ে ৩টায় বন্দরের ৭নং জেটিতে ভিড়ে এই প্রমোদতরি।
বন্দর জেটিতে অবস্থান নেয়া বিদেশি এ পর্যটনবাহী জাহাজের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের পর তিন দিন ধরে সুন্দরবনে ঢাংমারী, করমজল, হিরণ পয়েন্ট, কটকা, কচিখালী, জামতলা ও দুবলা চর ঘুরে দেখবেন পর্যটকরা। জাহাজটিতে যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা ও নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের পর্যটক রয়েছে। ভারতের চেন্নাই থেকে ছাড়া বিলাসবহুল আন্তর্জাতিক এ পর্যটক জাহাজে ভ্রমণে জনপ্রতি খরচ পড়ছে ২ লাখ ৯৩ হাজার টাকা।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ভ্রমণের জন্যই ‘সিলভার সি ক্রুজ’র পরিচালিত জাহাজ সিলভার ডিসকভার সুন্দরবনে এসেছে।
তিনি আরো বলেন, এর আগে ২০১৭ সালে জাহাজটি ১৭ দেশের ১৬২ পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণে আসে। এ ছাড়া আগামী ফেব্রুয়ারিতে আরো দুইবার বাংলাদেশ ও সুন্দরবনে আসবে জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা বলেন, রবিবার বিকেলে জাহাজের বিদেশিদের ইমিগ্রেশনের কাজ শেষ হওয়ার পর থেকেই তারা তিন দিন সুন্দরবনে অবস্থান করবেন এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন।
এরপর ৩০ জানুয়ারি চট্টগ্রামের মহেশখালী দ্বীপ হয়ে ৩১ জানুয়ারি মিয়ানমারে যাবেন।
