ঢাকার শাহবাগ এলাকা থেকে ‘অপহৃত’ এক তরুণকে উদ্ধার এবং তার মুক্তিপণের জন্য পরিবারের দেওয়া ২৫ লাখ টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
উদ্ধার শরীফ-বিন-মোহাম্মদ সাগর (২২) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র। ঢাকার যাত্রাবাড়ীতে তাদের বাসা। সাত দিন আগে শাহবাগ এলাকা তিনি অপহৃত হন বলে র্যাব-১০ এর উপ- অধিনায়ক মেজর মো. আশরাফুল রোববার জানিয়েছেন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বন্ধু বেশে তাহেরুল ইসলাম নামে এক যুবক গত ১৯ জানুয়ারি শরীফকে অপহরণ করে। এরপর ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ চাওয়ার পর পরিবার অভিযোগ করলে শরীফকে উদ্ধারে মাঠে নামে র্যাব’।
তিনি আরও বলেন, শরীফের পরিবার মোবাইল ফোনে ‘অপহরণকারীর’ সঙ্গে যোগাযোগ চালিয়ে যায়। মুক্তিপণের টাকা নিয়ে তাদের কখনও যাত্রাবাড়ী, আবার কখনও নারায়ণগঞ্জ যেতে বলা হয়। এভাবেই সে কয়েক দিন কাটিয়ে দেয়। সর্বশেষ রোববার বিকালে শাহবাগে দেখা করার কথা ঠিক হয়। সে অনুযায়ী র্যাব কৌশলে অপহরণকারীকে ২৫ লাখ টাকা দেওয়ার সময় গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক শরীফকে ওই এলাকা থেকেই উদ্ধার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা আশরাফুল।
গ্রেপ্তার হওয়া তাহেরের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। তিনি বিএ পাশ করে বেকার জীবনযাপন করছেন বলে র্যাব জানিয়েছে।
