ইয়াবা বিক্রির সময় যুবলীগকর্মী গ্রেপ্তার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১১:১৪ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের নতুন মাটি এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাছ থেকে শনিবার রাতে ৪০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইয়াবা বেচাকেনার সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

গ্রেপ্তাররা হলেন, দ্বারিয়ারপুর গ্রামের পৌর যুবলীগের সদস্য মামুন (২৮), পুকুরপাড় গ্রামের আনোয়ার হোসেন (৩২) ও রামবাড়ী গ্রামের সামিউল হোসেন (৩৫)।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামুন শাহজাদপুর পৌর যুবলীগের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় মাদক আইনে তাদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে এ তিনজনকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত