ফুটপাত নির্মাণ শেষ না হতেই দখল শুরু

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০১:৩৭ এএম

নাটোর শহরে ফুটপাত তৈরির কাজ শেষ না হতেই দখল শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বনবেলঘড়িয়া বাইপাস থেকে হরিশপুর বাইপাস পর্যন্ত শহরের ভেতর দিয়ে যাওয়া প্রায় ছয় কিলোমিটার সড়কের দুই দিকে চার ফুট করে ড্রেন-ফুটপাত এবং চার ফুট সড়ক বিভাজকসহ ৪৮ ফুট প্রশস্তকরণের কাজ চলছে। এর মধ্যেই এই কাজের অর্ধেক সম্পন্ন হয়েছে। এবং কাজ পুরো শেষ না হতেই ফুটপাতটির দখলও শুরু হয়ে গেছে।

সম্প্রতি শহরের হরিশপুর থেকে বনবেলঘরিয়া বাইপাস এলাকা পর্যন্ত শহর ঘুরে দেখা যায়, ফুটপাত দখল করে গড়ে ওঠা ছোট-বড় শতাধিক দোকান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রেলস্টেশন, হাফরাস্তা, আলাইপুর ও কানাইখালী এলাকার ফুটপাত সবচেয়ে বেশি দখল হয়েছে। রেলস্টেশন এলাকায় দোকানিরা ফুটপাতের ওপর চা-দোকান, ফলের পসরা সাজিয়ে ব্যবসা করছেন। হাফরাস্তা এলাকায় রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ নিজেদের জায়গা বুঝে নিলেও সেখানে আবারও রেস্তোরাঁ, রিকশাস্ট্যান্ড ও বিপণি বিতান বসেছে। ফুটপাতের ওপরেই ওয়ার্কশপগুলোর ওয়েল্ডিংয়ের কাজ করা হচ্ছে।

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটপাতের ওপর মোটর গ্যারেজের কাজ চলছে। নবনির্মিত জেলা পরিষদ মিলনায়তনের বিপরীত দিকে ফুটপাতে আসবাব, টাইলস ও হার্ডওয়্যার সামগ্রীর দোকানগুলোর পণ্য রাখায় চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। আর কানাইখালী থেকে নাটোর-ঢাকা মহাসড়কের মাদ্রাসা মোড় পর্যন্ত রাস্তার দুদিকেই ওয়ার্কশপ ও আসবাবের দোকান, চা-দোকান, রড-সিমেন্ট দোকানের সামগ্রী রাখার কারণে পথচারীরা ফুটপাত থেকে রাস্তায় নেমে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

ফুটপাত তৈরি হতে না হতেই দখল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পথচারীরা। মাদ্রাসা মোড় এলাকার অটোরিকশাচালক মনসুর ও বাবলুসহ আরও কয়েকজন বলেন, এখন থেকেই ফুটপাত দখলমুক্ত করা না হলে শহরবাসী সড়ক সম্প্রসারণ কাজের সুফল পাবে না।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী বলেন, কেউ কেউ না বুঝেই ফুটপাত দখল করছেন। নির্বিঘেœ মানুষের চলাচল নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগ চাইলে পৌর কর্র্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, নাটোরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপদ চলাচলের জন্য ফুটপাত নির্মাণ করা হচ্ছে। এ কাজে কোনো দখলবাজি সহ্য করা হবে না। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করতে সড়ক ও জনপথ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হবে। নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, পথচারী চলাচলে অসুবিধা হয়, এমন কিছুই ফুটপাতে রাখতে দেওয়া হবে না। অচিরেই ফুটপাত দখলমুক্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত