শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে আল আমিন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ৭টার দিকে উপজেলার সখীপুর থানার নাজিমউদ্দিন মোল্লা কান্দি গ্রামের হাফেজ শরীফ মোল্লার বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। আল আমিন (১১) ওই গ্রামের স্বপন মাঝির ছেলে এবং বাহেরচর কদমতলী মোল্লা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের মসজিদে ওয়াজ শোনার জন্য বাড়ি থেকে বের হয় আল আমিন। পরে আর বাড়ি ফিরে আসেনি। তার পরিবার এলাকা ও আত্মীয়স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তার বাবা সখীপুর থানায় জিডি করেন। নিখোঁজের ১০ দিন পর গত শনিবার বাড়ি থেকে ১৫০ ফুট দূরের ওই টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে আল আমিনের বাবা স্বপন মাঝি ও ফুফা ছালাম মাঝি লাশটি খুঁজে পায়। পরে খবর পেয়ে সখীপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। সখীপুর থানার ওসি এনামুল হক জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি।
×
