প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১ হাজার ২০০ শূন্যপদের চাহিদা পেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আর এই শূন্যপদের বিপরীতে ৩৭তম বিসিএসের অপেক্ষমাণ তালিকায়
থাকা ৩ হাজার ৪৫৪ জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে কমিশন।
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ৩৭তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম শ্রেণির পদের চাহিদা দিয়েছে প্রায় ৭০০ এবং দ্বিতীয় শ্রেণির পদের চাহিদা প্রায় ৩০০। এছাড়া প্রাথমিকের প্রধান শিক্ষকের পদ আছে প্রায় আড়াই হাজার।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি পদের বিপরীতে কিছু শর্ত আছে। এমন শর্তও রয়েছে যে প্রাথমিকের প্রধান শিক্ষক পদে চাইলেই সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। যেমন কোনো পদের জন্য বিজ্ঞান থেকে পাস করা প্রার্থী দরকার। সেখানে বিজ্ঞানের প্রার্থী না পেলে সমাজবিজ্ঞানের প্রার্থীকে চাকরি দেওয়া সম্ভব হয় না। এভাবে বেশ কিছু প্রার্থী বাদ পড়তে পারেন। ফলে শর্ত মিলে গেলেই নিয়োগ দেওয়া সম্ভব হবে।’
এদিকে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পিএসসি। আগামী এপ্রিলে পরীক্ষাটি হতে পারে। এতে রেকর্ডসংখ্যক ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন আবেদন করেছেন। কীভাবে এত প্রার্থীর পরীক্ষা
নেওয়া যায়, সেজন্য এখন পরিকল্পনা করছে পিএসসি।
