ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এলাকায় সোমবার এক বাংলাদেশি শ্রমিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ।
নিহত ওই যুবকের নাম মো. বাবু (২১) । সে হরিপুর উপজেলার গেদুরা ইউপির মরাধার গ্রামের একরামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, ১০/১২ দিন আগে বাবু ভারতের পানিপথ এলাকার নারায়ণ চন্দ্রের ইটভাটায় শ্রমিকের কাজ করতে যায়। সোমবার বিকেলে বাড়ি ফেরার পথে বাংলাদেশের ধর্মগড় ও জগদল সীমান্তের ৩৭৩/২-এস পিলারের বিপরীতে ভারতের শ্রীপুর ১৭১ বিএসএফের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে । এতে ঘটনাস্থলে ওই যুবক নিহত হন । তার মরদেহ সীমান্তে কাঁটাতারের বেড়ায় ঝুলছিল বলে জানা যায়।
বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, মৃত্যুর খবর জেনেছি, এখনো নিশ্চিত হওয়া যায়নি । তবে এ বিষয়ে মঙ্গলবার দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীদের মধ্যকার পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে । বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম রাজু (২১) ও ২২ জানুয়ারি হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে জেনারেল (১৮) নিহত হয়।
