গত বছরের চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন কমেছে। এই সময়ে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭ দশমিক ৪৬ শতাংশ, যা আগের বছর একই সময়ে ছিল ৭৭ দশমিক ৯৪ শতাংশ। মন্ত্রিসভা বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে ২০১৮ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনের তথ্য পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৯টি মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৮৩টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় ৫৬টি। ২৭টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। এ সময়ে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৭ দশমিক ৪৬ শতাংশ। অপরদিকে ২০১৭ সালের একই সময়ে মন্ত্রিসভার আটটি বৈঠক হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ৬৮টি। এর মধ্যে ৫৩টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নাধীন ছিল ১৫টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৭৭ দশমিক ৯৪ শতাংশ।
শফিউল বলেন, ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে মন্ত্রিসভার ৩৫টি বৈঠক হয়। এতে ৩১৩টি সিদ্ধান্ত হয়। বাস্তবায়িত হয় ২৭০টি সিদ্ধান্ত। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৬ দশমিক ২৬ শতাংশ। এ সময়ে আইন হয় ১৯৩টি, অধ্যাদেশ হয় ১০টি, প্রক্রিয়াধীন আইন ২৮টি।
