আশুলিয়ায় যাত্রীবেশে গাড়িতে ডাকাতি, আটক ১

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১০:৩১ এএম

ঢাকার আশুলিয়ায় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল ডাকাত যাত্রীবেশে গাড়িটিতে উঠে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুট করে নেয়। খবর পেয়ে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক  করে বাসসহ থানায় নিয়ে যায় পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় প্রাথমিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। এ ছাড়া ডাকাতদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বাসের যাত্রী আমিনুল ইসলাম জানান, রাত ৯টার দিকে রাজধানীর গাবতলী থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে মাসফি ক্ল্যাসিক (ঢাকা মেট্রো ব-১৫-০৪৯০) নামের পরিবহনটি। পরে বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা এলাকায় পৌঁছে ইউটার্ন নিয়ে আবারও উল্টো দিকে আসতে থাকে। কিন্তু বাসের যাত্রীরা ঘুমিয়ে থাকায় ব্যাপারটি তারা বুঝতে পারেননি।

এরপর বাইপাইল এলাকায় যাত্রীবেশে ৮-১০ জন বাসে উঠে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে চলন্ত বাসেই তাদের মারধর করে মোবাইল, নগদ অর্থ ও মালামাল লুট করতে থাকে ডাকাতরা।

একপর্যায়ে বাসটি মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন বাসটি আটক করলেও এর চালক ও হেলপারসহ ডাকাতরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ডাকাতকে আটক করে বাসসহ থানায় নিয়ে যায়।

আশুলিয়ার থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুল হক ডাবলু জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পল্লীবিদ্যুৎ এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। তবে এটি ডাকাতি না অন্য কোনো ঘটনা তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত