রাঙ্গামাটির লংগদুতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী পবিত্র চাকমাকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে লংগদু উপজেলা সদরের ভূইয়াছড়া এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, ‘আমরা জানতে পেরেছি কে বা কারা পবিত্র চাকমা নামের একজনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’
এ ঘটনায় ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা অভিযোগ করে বলেন, ‘সংস্কারবাদী জনসংহতি সমিতি (জেএসএস) আমাদের নিরীহ এক কর্মীকে হত্যা করেছে।’
পবিত্র চাকমা ভুইয়াছড়া এলাকায় সাধারণ একজন কর্মী হিসেবে ইউপিডিএফ’র গণসংযোগ চালাতো বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির (এমএন লারমা) লংগদু উপজেলা সভাপতি অলঙ্গ চাকমা বলেন, ‘এ সম্পর্কে আমি কিছুই শুনতে পাইনি। তাদের সংগঠনের মধ্যে অনেক সমস্যা রয়েছে। তারাই তাদের কর্মীকে হত্যা করতে পারে। এতে আমরা জড়িত নই।’
